ভারতীয় ইলেকট্রিক গাড়ির রপ্তানি এক অভাবনীয় রেকর্ড গড়েছে। গত বছরের তুলনায় এই বছর এপ্রিল-জুন প্রান্তিকে রপ্তানি ১৪ গুণ বৃদ্ধি পেয়ে ১৫,৬৪১ ইউনিটে পৌঁছেছে।
ভারতীয় ইলেকট্রিক গাড়ির চাহিদা এখন আর কেবল দেশীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্ববাজারে ভারতীয় ইভি (EV) দ্রুত নিজেদের জায়গা করে নিচ্ছে। ২০২৬ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের ইভি রপ্তানিতে রেকর্ড বৃদ্ধি দেখা গেছে, যেখানে মোট ১৫,৬৪১টি ইলেকট্রিক গাড়ি বিদেশে পাঠানো হয়েছে।
গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ১,১২২ ইউনিট, যা নির্দেশ করে যে মাত্র এক বছরে রপ্তানি প্রায় ১৪ গুণ বেড়েছে। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে মারুতি সুজুকির e-Vitara। এই মডেলটি বিশ্বের ৪৭টি দেশে রপ্তানি করা হয়েছে। গুজরাটের প্ল্যান্ট থেকে তৈরি এই গাড়িটি ইউরোপসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে।
মারুতির এই সাফল্যের দেখে টাটা মোটরস এবং মহিন্দ্রাও এখন তাদের ইলেকট্রিক গাড়িগুলি বিশ্ববাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। টাটা মোটরস ইতিমধ্যে তাদের Tata Sierra.EV ইউরোপীয় বাজারে লঞ্চ করার কাজ শুরু করেছে।