মহারাষ্ট্রের কল্যাণ টাউনে রেল হাসপাতালের একজন অবসরপ্রাপ্ত কর্মীকে পেন্সন সংক্রান্ত তথ্যের অজুহাতে ফোন করে ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা। জানা গেছে, ফোনে কথা বলার সময় প্রতারকরা সম্ভবত তাঁর মোবাইল ফোন হ্যাক করে নিয়েছে।

মহারাষ্ট্রের কল্যাণ টাউনে একটি চাঞ্চল্যকর সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। রেল হাসপাতালের একজন অবসরপ্রাপ্ত কর্মী, যিনি মুম্বাইয়ের বাইকুলা রেলওয়ে হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ টাকা চুরি হয়েছে। প্রতারকরা নিজেকে ডিআরএম (DRM) অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁকে কল করেছিল।

ঘটনাটি ঘটে গত ৫ মে, যখন প্রতারকটি অভিযোগকারীর কাছে পেনশন পেমেন্ট অর্ডার (PPO) নম্বর যাচাই করার জন্য অনুরোধ করে। অভিযোগকারীর মেয়ে যখন জানান যে পেনশন ফাইলটি এখন হাতের কাছে নেই, তখন কলটি কেটে দেওয়া হয়। এরপর কোনো ব্যাংকিং তথ্য শেয়ার না করা সত্ত্বেও অভিযোগকারী দেখতে পান যে তাঁর অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ টাকা অননুমোদিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশের অনুমান, কথা বলার সময় সাইবার অপরাধীরা সম্ভবত ভিকটিমের মোবাইল ফোন হ্যাক করে ব্যাঙ্কিং তথ্য সংগ্রহ করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৮(৪) এবং তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।