বেঙ্গালুরুর একটি ডুপ্লেক্স বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক মহিলার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, প্রায় এক বছর আগে তাঁর মৃত্যু হয়েছিল, কিন্তু কোনো আত্মীয় বাড়িতে না আসায় বিষয়টি কারও নজরে আসেনি।
বেঙ্গালুরুর বাগালগুন্তে থানা এলাকার একটি ডুপ্লেক্স বাড়ি থেকে দক্ষায়িনী (৫২) নামে এক মহিলার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় এক বছর আগে ওই মহিলার মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন ধরে কোনো আত্মীয় বা পরিবারের সদস্য ওই বাড়িতে না আসায় এত বছর ধরে তাঁর মৃত্যুর খবর কেউ জানতে পারেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী ও ছেলের মৃত্যুর পর থেকেই গভীর হতাশায় ভুগছিলেন দক্ষায়িনী। বাগালগুন্তে থানার পুলিশ কর্মীরা কোনো একটি তদন্তের উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর সময় এই মর্মান্তিক ঘটনাটি সামনে আসে। পুলিশ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।