কারনাটকের কালবুরাগিতে এক ব্যক্তির আত্মঘাতী বোমা বিস্ফোরণে তার ১৫ বছরের মেয়েসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
কারনাটকের কালবুরাগির মটকি টাণ্ডায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৪৯ বছর বয়সী শিবলাল বালিরাম রাঠোড় নিজের কোমরে বিস্ফোরক বেঁধে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। এই ভয়াবহ বিস্ফোরণে তার ১৫ বছর বয়সী মেয়ে বীরা এবং শিবলালের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবলালের স্ত্রী সবিতা, ছেলে প্রকাশ এবং পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিবলাল পুনের একটি পাথর খাদে কাজ করতেন, যেখানে তার বিস্ফোরক ব্যবহারের সুযোগ ছিল। পারিবারিক কলহই এই চরম পদক্ষেপের কারণ বলে ধারণা করা হচ্ছে।