ডেটা সুরক্ষা লঙ্ঘনের দায়ে দক্ষিণ কোরিয়ার টেলিকম জায়ান্ট KT কর্পোরেশনকে ৩৯ মিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন (PIPC)। প্রায় ১১ মাস ধরে চলা এই নিরাপত্তা ত্রুটির কারণে হাজার হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য এবং অর্থ লেনদেন ঝুঁকির মুখে পড়েছিল।
দক্ষিণ কোরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন (PIPC) টেলিকম জায়ান্ট KT কর্পোরেশনকে ৫৩.৯৭৯ বিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১১ মাস ধরে কোম্পানির অভ্যন্তরীণ নেটওয়ার্কে নিরাপত্তা ত্রুটি ছিল। এই ত্রুটির কারণে ১৬,৬৪৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে এবং অন্তত ৩৬৮ জন গ্রাহকের মোবাইল পেমেন্টের মাধ্যমে প্রায় ২৪০ মিলিয়ন ওন আর্থিক ক্ষতি হয়েছে।
নিরাপত্তা ত্রুটিটি মূলত একটি 'ফেমটোজেল' (femtocell) নামক সেলুলার বেস স্টেশনের মাধ্যমে ঘটেছিল, যার অথেন্টিকেশন সার্টিফিকেট হ্যাকাররা চুরি করে একটি নকল ডিভাইসে ব্যবহার করেছিল। এর ফলে হ্যাকাররা ব্যবহারকারীদের মোবাইল নম্বর, IMSI এবং IMEI-এর মতো সংবেদনশীল তথ্য ও এসএমএস অথেন্টিকেশন কোড সংগ্রহ করতে সক্ষম হয়। এছাড়াও, কোম্পানিটি BPFDoor নামক একটি ম্যালওয়্যার সংক্রমণের কথা জানলেও তা কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে।