লন্ডনের একটি নাইটক্লাবে সংঘর্ষের ঘটনায় দোষী হিসেবে অপরাধ স্বীকার করেছেন গ্র্যামি বিজয়ী গায়ক ক্রিস ব্রাউন। এই ঘটনার জেরে একজন মিউজিক প্রডিউসার আহত হন।

লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শুক্রবার ক্রিস ব্রাউন একটি নাইটক্লাবে সংঘর্ষের ঘটনায় 'অ্যাফ্রেই' (affray) বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ স্বীকার করেছেন। এর আগে তিনি ২০২৩ সালের এই ঘটনায় গুরুতর আঘাত করার অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে অপরাধ স্বীকার করার বিনিময়ে প্রসিকিউটররা তার বিরুদ্ধে হামলা এবং অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অভিযোগগুলো প্রত্যাহার করে নেন।

ঘটনাটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মেফেয়ার এলাকার একটি নাইটক্লাবে ঘটেছিল, যেখানে ক্রিস ব্রাউনের বন্ধু ওমোলুলু আকিনলোলুও জড়িত ছিলেন। প্রসিকিউটরদের মতে, ব্রাউন একটি কাঁচের বোতল অস্ত্র হিসেবে ব্যবহার করে ভিকটিমের মাথায় আঘাত করেছিলেন। আদালত জানিয়েছেন, ব্রাউন আপাতত জামিনে মুক্তি পেয়েছেন এবং আগামী ২৬ অক্টোবর তার সাজা ঘোষণা করা হবে।