নব্বইয়ের দশকে জনপ্রিয় ‘Myst’ গেমের নতুন সিক্যুয়েলটি প্রয়োজনীয় ফান্ড না পাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে। এটি গেমিং ইন্ডাস্ট্রিতে ‘ডাবল-এ’ (AA) গেমগুলোর অস্তিত্ব সংকটের ইঙ্গিত দিচ্ছে।
১৯৯০-এর দশকে ‘Myst’ গেমটি ৬ মিলিয়নেরও বেশি কপি বিক্রি করেছিল, যা পিসি গেমিং জগতের ইতিহাসে একটি মাইলফলক। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির নতুন গেম ‘Anglerfish’-এর ট্রেলার মুক্তি পেলেও, কোনো প্রকাশক এটি তৈরীর জন্য অর্থায়ন করতে রাজি না হওয়ায় প্রকল্পটি বন্ধ হয়ে গিয়েছে। Cyan Worlds-এর ক্রিয়েটিভ ডিরেক্টর এরিক এ. অ্যান্ডারসন জানিয়েছেন যে, এমনকি উৎসাহী প্রকাশকরাও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে অর্থ ছাড় করাতে পারেননি।
এই সংকটটি গেমিং ইন্ডাস্ট্রির একটি বড় সমস্যাকে তুলে ধরেছে—যাকে বলা হয় ‘মিড-মার্কেট কোলাপস’। বর্তমানে গেমিং বাজার দুটি চরম ভাগে বিভক্ত: একদিকে শতকোটি ডলারের ‘ট্রিপল-এ’ (AAA) গেম এবং অন্যদিকে স্বল্প বাজেটের ‘ইনডি’ (Indie) গেম। এর মাঝখানের ‘ডাবল-এ’ (AA) গেমগুলোর জন্য প্রয়োজনীয় ফান্ড বা বিনিয়োগ এখন প্রায় অদৃশ্য হয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, সুদের হার বৃদ্ধি এবং ভেনচার ক্যাপিটাল বিনিয়োগ কমে যাওয়ার কারণে প্রকাশকরা এখন ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন। এছাড়া স্টিম (Steam)-এর মতো প্ল্যাটফর্মে অতিরিক্ত নিম্নমানের গেমের ভিড়ে ভালো মানের মধ্যম বাজেটের গেমগুলোর প্রচার পাওয়াও কঠিন হয়ে পড়েছে।