তীব্র জ্বরের মধ্যেও শুটিংয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী অবিকা গোর। তাঁর শারীরিক পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে।
টানা পাঁচ দিন ধরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত অবিকা গোর শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামীর কথায়, কাজের প্রতি চরম দায়বদ্ধতা দেখাতে গিয়ে তিনি অসুস্থ শরীর নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছিলেন। এমনকি দিল্লি যাওয়ার আগে রক্ত পরীক্ষা করলেও তিনি কাজ থামাতে চাননি।
মুম্বই ফিরে পরীক্ষার রিপোর্টে জানা গেছে যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। অবিকার স্বামী মিলিন্দ চন্দওয়ানী জানিয়েছেন, অবিকা বারবার অসুস্থ থাকলেও শুটিং পিছিয়ে দেওয়ার কথা মানতে চাননি, কারণ এতে অন্যদের আর্থিক ক্ষতি বা সময়ের অপচয় হতে পারে বলে তিনি মনে করতেন।
শুটিং টিমের সদস্যরা জানিয়েছেন, অবিকা এতটাই দুর্বল ছিলেন যে ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।