স্পাইডার-ভার্স ট্রিলজির শেষ কিস্তি 'স্পাইডার-ম্যান: বিয়ন্ড দ্য স্পাইডার-ভার্স'-এর সাড়ে চার মিনিটের ফুটেজ অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন চলচ্চিত্রটির সহ-লেখক ও প্রযোজক ক্রিস্টোফার মিলার।
জনপ্রিয় অ্যানিমেটেড স্পাইডার-ভার্স ট্রিলজির চূড়ান্ত পর্ব 'স্পাইডার-ম্যান: বিয়ন্ড দ্য স্পাইডার-ভার্স'-এর প্রায় সাড়ে চার মিনিটের ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এই অননুমোদিত প্রকাশনার তীব্র নিন্দা জানিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন সহ-লেখক ও প্রযোজক ক্রিস্টোফার মিলার। তিনি জানান যে, অসম্পূর্ণ এবং পুরোপুরি রেন্ডার করা হয়নি এমন ফুটেজ ফাঁস হওয়া মোটেও সুখকর নয়।
ফাঁস হওয়া ফুটেজটি সম্ভবত সিনেমার শুরুর দৃশ্য এবং ট্রেলারের কিছু ক্লিপের সংমিশ্রণ। এর আগে সিনেমাকন-এ কিছু শিল্প বিশেষজ্ঞ ও ভক্তদের এই ছবি দেখানো হয়েছিল। উল্লেখ্য যে, সিনেমাটি মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের ১৮ জুন। মিলার এবং ফিল লর্ড এই ছবিটিকে অত্যন্ত আবেগপ্রবণ এবং দর্শনীয় বলে বর্ণনা করেছেন।