রাতে অতিরিক্ত ক্ষুধা পাওয়া বা ঘুমের মধ্যে উঠে খাবার খাওয়ার প্রবণতা একটি স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। চিকিৎসকদের মতে, এটি 'নাইট ইটিং সিনড্রোম' নামক একটি ইটিং ডিসঅর্ডার হতে পারে।
মাঝে মাঝে রাতে ক্ষুধা লাগলে খাবার খাওয়া স্বাভাবিক, কিন্তু যদি প্রতিদিন রাতে অতিরিক্ত ক্ষুধা লাগে এবং ঘুমের ব্যাঘাত ঘটে, তবে তা চিন্তার বিষয়। চিকিৎসকদের মতে, একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 'নাইট ইটিং সিনড্রোম' বলা হয়। এটি এমন একটি ইটিং ডিসঅর্ডার যা ঘুমের সমস্যার সাথে সম্পর্কিত এবং এতে শরীর রাতে খাবার খাওয়ার জন্য আপনাকে জাগিয়ে দেয়।
এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা সাধারণত মিষ্টি বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন চকলেট, বিস্কুট বা চিপস খেতে পছন্দ করেন। এর ফলে সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি অনুভব হয় এবং সকালের নাস্তা করার ইচ্ছা থাকে না। চিকিৎসকদের মতে, মানসিক চাপ, জেনেটিক কারণ বা দিনের বেলা পর্যাপ্ত খাবার না খাওয়ার ফলে এই সমস্যা হতে পারে।
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে, যদি এই সমস্যা নিয়মিত হয় তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এর চিকিৎসার জন্য কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা পেশি শিথিলকরণ (Progressive Muscle Relaxation) পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। কিছু ক্ষেত্রে চিকিৎসকরা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও দিয়ে থাকেন।