ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার রিফাইনারিগুলোতে ব্যাপক ক্ষতি হওয়ায় দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাশিয়া এখন ভারত থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করছে।
বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়ায় বর্তমানে এক অস্বাভাবিক সংকট দেখা দিয়েছে। ইউক্রেনের ড্রোন ও মিসাইল হামলার কারণে রাশিয়ার রিফাইনিং ক্ষমতার প্রায় ৪০% ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন মূলত রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত রিফাইনারিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার ফলে পুতিন প্রশাসন এখন চরম সংকটে পড়েছে।
রাশিয়া আগে ভারত থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল কিনত, কিন্তু এখন পরিস্থিতি উল্টে গেছে। ভারত সেই অপরিশোধিত তেল পরিশোধিত করে পেট্রোল ও ডিজেল হিসেবে রাশিয়ায় রপ্তানি করছে। সম্প্রতি গুজরাটের নায়ারা এনার্জি রিফাইনারি থেকে ৬০,০০০ মেট্রিক টন পেট্রোল রাশিয়ায় পাঠানো হয়েছে। যদিও ভারত সরকার সরাসরি রপ্তানির কথা অস্বীকার করেছে, তবে আন্তর্জাতিক ব্যবসায়ীদের মাধ্যমে এই পণ্য সরবরাহ করা হচ্ছে।
জ্বালানি সংকটের কারণে রাশিয়ার ৫৫টি প্রদেশে পেট্রোল ও ডিজেল রেশনিং বা রেশন ভিত্তিতে বিতরণ করা হচ্ছে। জ্বালানির দামও আকাশচুম্বী হয়ে গেছে। পুতিন সরকার ইতিমধ্যে দেশ থেকে জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং তেল কোম্পানিগুলোকে নিম্নমানের জ্বালানি উৎপাদন করে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর নির্দেশ দিয়েছে।