নিউ ইয়র্কের আপস্টেট এলাকার একটি কাউন্টি ফেয়ারে সার্কাস প্রদর্শনীর সময় একটি দুর্ঘটনা ঘটেছে। ক্রসফোর শ্যুটিন অ্যাক্টের সময় ভুলবশত একজন শিল্পী অন্য শিল্পীর ঘাড়ে তীর দিয়ে আঘাত করেন।
নিউ ইয়র্কের মিডলটাউনে অবস্থিত অরেঞ্জ কাউন্টি ফেয়ারে শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। উইসকনসিনের ওয়াকেশার বাসিন্দা ৪২ বছর বয়সী আনা ডাজা তাভেরা এবং ৩৮ বছর বয়সী এডউইন কুয়েরভো র্যাঞ্জেল তাদের ক্রসফোর শ্যুটিন অ্যাক্ট প্রদর্শন করছিলেন। প্রদর্শনী চলাকালীন, এডউইন যখন একটি ফোম টার্গেট ধরে ছিলেন, তখন আনা ভুলবশত তাকে ঘাড়ে তীর দিয়ে আঘাত করেন।
আহত এডউইন র্যাঞ্জেলকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সার্কাসের রিংমাস্টার বেঞ্জামিন জ্যাকসন জানিয়েছেন যে, তীরটি ঘাড়ের এমন একটি অংশে লেগেছিল যেখানে কোনো প্রধান রক্তনালী ছিল না, যা একটি বড় বিপদ এড়াতে সাহায্য করেছে। শনিবার তীরটি সফলভাবে অপসারণ করা হয় এবং কিছু সেলাই করার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।