উত্তর কোরিয়ায় তীব্র দাবদাহের মধ্যে নাগরিকদের কুকুরের মাংসের স্যুপ পান করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি দাবি অনুযায়ী, এই স্যুপ শরীরকে শক্তি দেয় এবং হিট স্ট্রোকে সাহায্য করে।
উত্তর কোরিয়ায় তীব্র গরমের কারণে একটি অদ্ভুত নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে নাগরিকদের তাদের পোষা কুকুরের মাংস দিয়ে তৈরি ঐতিহ্যবাহী স্যুপ পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। দেশটির সরকারি সংবাদপত্র 'রোডং সিনমুন'-এ একজন প্রবীণ চিকিৎসকের সাক্ষাৎকারে এই পরামর্শ দেওয়া হয়েছে।
কোরীয় ভাষায় এই ডিশটিকে 'দাঙ্গোজি গুক' বলা হয়, যার অর্থ 'মিষ্টি মাংসের স্যুপ'। দাবি করা হচ্ছে যে, এই স্যুপ অত্যন্ত পুষ্টিকর এবং এটি তীব্র গরমের সময় শরীরে শক্তি জোগাতে ও হিট স্ট্রোক প্রতিরোধ করতে সাহায্য করে। এমনকি এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং হাইপারথাইরয়েডিজমের মতো সমস্যাতেও উপকারী বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই খাবারটি পছন্দ করেন এবং সরকারি ভোজের সময় এটি পরিবেশন করা হয়। তবে বিজ্ঞানীদের মতে, এই ধরনের পুষ্টিগুণ সংক্রান্ত দাবির স্বপক্ষে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই।