ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য নৌ-অবরোধের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন জাহাজে নাবিকদের শোচনীয় অবস্থার খবর সামনে আসায় মার্কিন রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলোতে 'অনির্দিষ্টকাল' নৌ-অবরোধ বজায় রাখার এবং ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন যে, জাহাজ পরিবর্তনের মাধ্যমে মার্কিন নৌবাহিনী এই অবরোধ দীর্ঘকাল চালিয়ে যেতে সক্ষম। অন্যদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানকে চাপে ফেলতে এমন কিছু অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে যা আগে কখনও দেখা যায়নি।
তবে এই অভিযানের মাঝেই ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন নামক মার্কিন যুদ্ধজাহাজের ভেতরে নাবিকদের ভয়াবহ পরিস্থিতির খবর পাওয়া গেছে। সামরিক বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় সমুদ্রে থাকার ফলে নাবিকদের মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু নাবিক আত্মহত্যার চেষ্টাও করেছেন। মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এবং অন্যান্য আইনপ্রণেতারা এই পরিস্থিতির তীব্র সমালোচনা করে প্রতিরক্ষা সচিবের কাছে জবাবদিহি চেয়েছেন।