ইউক্রেন যুদ্ধের তহবিল বন্ধ করতে ভারত ও চীনসহ রাশিয়ার প্রধান জ্বালানি আমদানিকারক দেশগুলোকে নিশানা করে একটি নিষেধাজ্ঞা বিল পাস করেছে মার্কিন সেনেট। এই বিলের আওতায় রাশিয়ার তেল ও গ্যাস ক্রেতাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেন যুদ্ধের তহবিল জোগানো বন্ধ করার লক্ষ্যে রাশিয়া এবং তার প্রধান খনিজ তেল ক্রেতাদের শাস্তির আওতায় আনতে মার্কিন সেনেটে একটি বিল পাস হয়েছে। 'লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬' নামের এই বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়। এই বিলটি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারী শীর্ষ পাঁচটি দেশের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। বর্তমানে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিকারী শীর্ষ পাঁচটি দেশ হলো চীন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া।

এই দ্বিপাক্ষিক বিলটি প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট রিচার্ড ব্লুমেনথাল যৌথভাবে উত্থাপন করেছিলেন। রাশিয়ার পাশাপাশি এই বিলের মাধ্যমে ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হবে, যা ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী সংস্থাগুলোকে শাস্তি দেয়। তবে কিছু ডেমোক্র্যাট সদস্য সতর্ক করেছেন যে, এই বিলটি ট্রাম্পকে নতুন শুল্ক আরোপের অবাধ ক্ষমতা দেবে, যা তিনি অতীতেও নিজের বাণিজ্য নীতিতে ব্যবহার করেছেন। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হয়েছে।