নতুন উচ্চ শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগেই বিতর্কের মুখে পড়েছেন নরেশ পাল গঙ্গওয়ার। জাতীয় উদ্যান বোর্ড বা হর্টিকালচার বোর্ডে থাকাকালীন নিজের পরিবারের নামে কোটি টাকার ভর্তুকি নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
দেশজুড়ে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিতর্কের মাঝেই কেন্দ্রীয় সরকার একটি বড় প্রশাসনিক রদবদল করেছে। দুগ্ধ ও পশুপালন মন্ত্রকের সিনিয়র অফিসার নরেশ পাল গঙ্গওয়ারকে নতুন উচ্চ শিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে তাঁর এই নিয়োগ ঘিরে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
অভিযোগ উঠেছে যে, জাতীয় উদ্যান বোর্ডে থাকাকালীন গঙ্গওয়ার তাঁর পরিবারের সদস্যদের নামে ১.১৬ কোটি টাকার ভর্তুকি অনুমোদন করিয়েছিলেন। শসা চাষের জন্য 'সুরক্ষিত চাষ প্রকল্প'-এর মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।