বিজেপি নেতা যোগীশ গৌড়া হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কংগ্রেস নেতা বিনয় কুলকার্নিকে বড় স্বস্তি দিল কর্ণাটক হাইকোর্ট। আদালত তাঁর সাজা স্থগিত করে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

বিজেপি নেতা যোগীশ গৌড়া হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী বিনয় কুলকার্নিকে বড় স্বস্তি দিল কর্ণাটক হাইকোর্ট। বিশেষ আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন কুলকার্নি। সেই আবেদনের শুনানির পর বিচারপতি বসন্তরাজ এবং বিচারপতি মহম্মদ নওয়াজের ডিভিশন বেঞ্চ সাজা স্থগিত রেখে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

বিনয় কুলকার্নি ছাড়াও এই মামলায় আরও তিন অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত। আদালত শর্ত দিয়েছে যে জামিন পাওয়ার পর অভিযুক্তরা ভারতের বাইরে যেতে পারবেন না। ৫ লক্ষ টাকার বন্ড এবং দু'জন জামিনদারের বিনিময়ে এই জামিন মঞ্জুর করা হয়েছে। কুলকার্নির পক্ষে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী সি. ভি. নাগেশ।