ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে পুরোদমে। লাল কেল্লার কাছে দঙ্গল পার্কে ভারতীয় সেনার জওয়ানরা ঐতিহ্যগত ২১ তোপ সালামির মহড়া দিয়েছেন।
আগামী ১৫ আগস্টের জন্য দিল্লির লাল কেল্লায় প্রস্তুতি চলছে। এবারের স্বাধীনতা দিবস উদযাপনে 'যুব শক্তি' এবং 'জেন-জেড'-এর সাফল্য ও অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে 'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্যমাত্রা এবং দেশের প্রগতি প্রদর্শিত হবে।
এই বছর 'বন্দে মাতরম'-এর ১৫০তম বার্ষিকী উদযাপন করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসিকে সম্বোধন করবেন। অনুষ্ঠানে নিউক্লিয়ার টেকনোলজি, মহাকাশ গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে ভারতের সাফল্য প্রদর্শিত হবে।
বিশেষভাবে আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদক জয়ী ১৯ জন শিক্ষার্থী এবং বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও উদ্ভাবকদের সম্মানিত করা হবে। জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে বসার জায়গার নাম ভারতের প্রধান হ্রদগুলোর নামে রাখা হয়েছে।