ইউরোপীয় গবেষকরা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং ভুল তথ্য ছড়ানো নিয়ে গবেষণা করতে চাইলেও বিগ টেক কোম্পানিগুলোর কাছ থেকে প্রয়োজনীয় ডেটা পাচ্ছেন না। যদিও ইইউ আইন গবেষকদের অধিকার দেয়, তবুও টিকটক এবং এক্স-এর মতো প্ল্যাটফর্মগুলো ডেটা অ্যাক্সেস পেতে নানা জটিলতা তৈরি করছে।
রোমানিয়ার সাম্প্রতিক নির্বাচনে টিকটক কীভাবে একটি স্বল্প পরিচিত রাজনৈতিক প্রার্থীকে ব্যাপক প্রচারের মাধ্যমে জয়ী করতে সাহায্য করেছিল, তা নিয়ে গবেষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। মাষ্ট্রিচ বিশ্ববিদ্যালয়ের গবেষক আদরিয়ানা ইয়ামনিচি জানান যে, তারা এই ধরণের অপপ্রচার ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং কীভাবে কাজ করে তা বুঝতে টিকটকের ডেটা চেয়েছিলেন, কিন্তু তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়।
গবেষকরা অভিযোগ করছেন যে, ইইউ-এর ডিজিটাল সার্ভিস অ্যাক্ট (DSA) থাকা সত্ত্বেও মেটা, এক্স এবং টিকটকের মতো কোম্পানিগুলো ডেটা অ্যাক্সেস পেতে নানা বাধা সৃষ্টি করছে। কেউ টাকা দাবি করছেন, কেউ আবার অতিমাত্রায় কঠোর নিরাপত্তা শর্ত আরোপ করছেন যা বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে পূরণ করা অসম্ভব। এর ফলে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এবং এর সামাজিক প্রভাব নিয়ে সঠিক গবেষণা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।