কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুনে সফর ঘিরে কংগ্রেস ও পুলিশের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, শাহের কনভয় রুট বরাবর প্রতিবাদ করতে বাধা দিচ্ছে পুলিশ।
শনিবার সকালে পুনে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার প্রদান করার জন্য তিনি এই সফরে এসেছেন। তবে শাহের আগমনের খবর জানাজানি হতেই পুনে কংগ্রেসের পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল।
কংগ্রেসের মুখপাত্র গোপাল তিওয়ারি অভিযোগ করেছেন যে, পুলিশ শাহের কনভয় রুট বরাবর বিক্ষোভ করতে কংগ্রেসকে বাধা দিচ্ছে। এমনকি অনেক কংগ্রেস নেতা ও কর্মীকে নোটিশ পাঠানো হয়েছে এবং অনুষ্ঠান শুরুর আগেই তাদের আটক করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। কংগ্রেসের দাবি, পুলিশ তাদের অনুষ্ঠানস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিক্ষোভ করতে বাধ্য করছে।
পুনে কংগ্রেস সভাপতি প্রশান্ত জগতাপ শাহের তীব্র সমালোচনা করে বলেন যে, বিরোধী বিক্ষোভ এড়াতে তিনি রাতের অন্ধকারে পুনেতে এসেছেন। তিনি শাহের পদত্যাগ দাবি করে এবং দিল্লির জন্তর মন্তরে ছাত্র বিক্ষোভের প্রসঙ্গ টেনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।