তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। পুলিশি তদন্তে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে না চাওয়ার কারণ হিসেবে ডিম ছোড়ার ঘটনার কথা উল্লেখ করায় আদালত এই প্রতিক্রিয়া জানায়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলায় পুলিশি তদন্তে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে না চাওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর আইনজীবী দাবি করেছিলেন যে, এর আগে সাংসদ মহুয়া মৈত্রর ওপর ডিম ছোড়া হয়েছিল এবং তাঁর ওপর হামলার হুমকি রয়েছে, তাই তাঁকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হোক।
তবে এই যুক্তিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুয়ের বেঞ্চ তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিচারপতি দত্ত বলেন, 'আপনি একজন সাংসদ। রাজনীতিতে আসার পর আপনি কি ডিমকে ভয় পান? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন, আর আপনি এমন আবেদন নিয়ে আসছেন?' আদালতের এই কড়া অবস্থানের পর মহুয়া মৈত্রর আইনজীবী আবেদনটি প্রত্যাহার করে নেন।