হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমতি ছাড়া এই কাজ চালিয়ে যাওয়াকে প্রশাসন অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি বিশাল বলরুম নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে জরুরি আবেদন জানিয়েছেন। এর আগে একটি আপিল আদালত কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।

প্রশাসনের পক্ষে ইউএস সলিসিটর জেনারেল ডি জন সাউয়ার যুক্তি দিয়েছেন যে, এই নির্মাণ কাজ বন্ধ রাখা 'বিপজ্জনক'। তিনি জানান, প্রকল্পটি ইতোমধ্যে ৬৫% সম্পন্ন হয়েছে এবং প্রেসিডেন্টকে এই কাজের জন্য কংগ্রেসের কাছে হাত পাততে বাধ্য করা আইনত ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। ট্রাম্পের দাবি, এই বলরুমটি কেবল অনুষ্ঠানের জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং সামরিক সুবিধা ও বোমা আশ্রয় তৈরির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।