সূর্যগ্রহণ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ পরেই ২৮ আগস্ট দেখা যাবে একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণ চলাকালীন চাঁদের প্রায় ৯৩ শতাংশ অংশ পৃথিবীর ছায়ার আড়ালে ঢাকা পড়বে।
আগস্ট মাস মহাকাশপ্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ১২ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণের রেশ কাটতে না কাটতেই আগামী ২৮ আগস্ট দেখা যাবে একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণটি বেশ বিশেষ হবে কারণ চাঁদের প্রায় ৯৩ শতাংশ অংশ পৃথিবীর অন্ধকারতম ছায়ার (উমব্রা) মধ্যে প্রবেশ করবে, যার ফলে চাঁদ অনেকটা লালচে বা কমলা রঙের দেখাবে।
ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ ২৮ আগস্ট সকাল ৮:০০ টার দিকে শুরু হয়ে বেলা ১১:২২ টার মধ্যে শেষ হবে। তবে দুঃখের বিষয় হলো, এই সময়ে ভারতে চাঁদ দিগন্তের নিচে থাকায় ভারতীয় আকাশ পর্যবেক্ষকরা এটি দেখতে পাবেন না। এই গ্রহণটি আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার কিছু অংশে দেখা যাবে।