ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুজব ছড়িয়ে পড়ায় পর্তুগালের মাদেইরা ক্যাথেড্রালে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তবে জানা গেছে, সেখানে অন্য এক দম্পতির বিয়ে হচ্ছিল।
পর্তুগালের মাদেইরায় একটি গির্জায় একটি দম্পতির বিয়ে চলাকালীন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুজব ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ফুনচাল ক্যাথেড্রালের বাইরে ভিড় জমিয়ে ফেলেন। অনেক ভক্ত পর্তুগালের আইকনিক নম্বর ৭ জার্সি পরে সেখানে উপস্থিত ছিলেন।
এই ভিড়ের কারণে ওই দম্পতির বন্ধু ও পরিবারের সদস্যদের গির্জায় প্রবেশ করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। পরে গির্জার পুরোহিত মারকোস গনসালভেস স্পষ্ট করেন যে, অনুষ্ঠানটি ফ্যাবিও এবং ফাতিমার জন্য ছিল, রোনালদো বা জর্জিনার জন্য নয়। রোনালদো নিজেও এই ঘটনাটি নিয়ে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।