অত্যধিক রিভিউ এবং দীর্ঘ বিলম্ব বন্ধ করতে UEFA 'ক্লিয়ার লাইন' নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে। এর লক্ষ্য হলো মাঠের রেফারিদের ক্ষমতা বাড়ানো এবং মাইক্রোস্কোপিক রিভিউ কমানো।

UEFA ২০২৬-২৭ মরশুম থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-এর ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। এর অংশ হিসেবে 'ক্লিয়ার লাইন' নামক একটি পাবলিক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে প্রায় ১৫০টি বাস্তব ম্যাচের ভিডিও উদাহরণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট করা হবে যে, কখন VAR হস্তক্ষেপ করবে এবং কখন মাঠের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে।

UEFA-র রেফারিং ম্যানেজিং ডিরেক্টর রবার্তো রোসেত্তি জানিয়েছেন, ফুটবল কোনো প্লে-স্টেশন গেম নয়, তাই অতি ক্ষুদ্র বিষয় নিয়ে দীর্ঘক্ষণ রিভিউ করা উচিত নয়। ৯০ সেকেন্ডের বেশি সময় ধরে চলা রিভিউ ম্যাচের ছন্দ নষ্ট করে এবং সমর্থকদের বিশ্বাস কমিয়ে দেয়। এখন থেকে রিভিউ প্রক্রিয়ায় প্রথমে একটি স্থিরচিত্র, তারপর হাফ-স্পিড এবং সবশেষে স্বাভাবিক গতিতে ফুটেজ দেখানো হবে যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।