ইংল্যান্ডের বিরুদ্ধে হকি বিশ্বকাপের ম্যাচে পেনাল্টি কর্নার গিয়ার ড্রেসিংরুমে ফেলে আসা পাকিস্তানের জন্য চরম লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভুলের কারণে অধিনায়ক আবু বক্কর গ্রিন কার্ড পান এবং মাঠের বাইরে থাকতে হয়।

২০২৬ এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের পুল ডি ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-৪ গোলে পরাজিত হয়েছে পাকিস্তান। তবে পরাজয়ের চেয়েও বেশি চর্চিত হচ্ছে ম্যাচের ১৭তম মিনিটে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। ইংল্যান্ডের ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দেখা যায়, পেনাল্টি কর্নারের জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক সরঞ্জামগুলো পাকিস্তান দল ড্রেসিংরুমে ফেলে এসেছে। সরঞ্জাম আনতে এক খেলোয়াড়কে পুনরায় ড্রেসিংরুমের দিকে দৌড়াতে দেখা যায়।

এই বিশৃঙ্খলার কারণে রেফারি অধিনায়ক আবু বক্কর মাহমুদকে গ্রিন কার্ড দেখান এবং তাকে দুই মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়। প্রাক্তন অধিনায়ক সালমান আকবর এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে একে 'একটি অবাঞ্ছিত রেকর্ড' বলে অভিহিত করেছেন। তিনি সামাজিক মাধ্যমে জানান যে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন অপেশাদারিত্ব এবং শৃঙ্খলার অভাব মেনে নেওয়া যায় না।