সান ফ্রান্সিসকোতে গুগলের অফিসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে কর্মীদের জন্য বিনামূল্যে খাবার, গেম রুম এবং কুকিং ক্লাসের মতো বিলাসবহুল সুবিধা দেখানো হয়েছে। এই ভিডিওটি দেখে নেটিজেনরা অফিসের পরিবেশ নিয়ে রীতিমতো বিস্মিত।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে গুগলের সান ফ্রান্সিসকো অফিসের ভেতরের দৃশ্য ধরা পড়েছে। এখানে কর্মীদের জন্য কেবল কাজের জায়গাই নয়, বরং বিনামূল্যে সকালের জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারের সুব্যবস্থা রয়েছে। প্রতিটি তলায় আলাদা রান্নাঘর এবং বিভিন্ন ধরণের স্ন্যাকস, ফল ও কফির মেশিন রাখা হয়েছে। এমনকি কর্মীদের জন্য বিনামূল্যে রান্নার ক্লাস এবং বিনোদনের জন্য গেম রুমের সুবিধাও রয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, অফিসের ভেতরে 'ব্যাক টু দ্য ফিউচার' সিনেমার আদলে একটি গাড়ি রাখা হয়েছে, যা মিটিং রুম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া দাঁত মাজার ব্রাশ থেকে শুরু করে লোশনের মতো ছোটখাটো প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থাও এখানে করা হয়েছে। এই বিলাসবহুল পরিবেশ দেখে অনেকেই অবাক হয়ে প্রশ্ন তুলেছেন এটি কি সত্যিই অফিস নাকি কোনো ৫ তারকা হোটেল।