বার্লিনের এলজিবিটিকিউ+ প্রাইড প্যারেডের সময় একটি গাড়ি ভিড়ের ওপর উঠে যায়, যাতে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনার পর পুলিশ এলাকাটি খালি করে দেয় এবং অনুষ্ঠানটি বাতিল করা হয়।
বার্লিনের ক্রিস্টোফার স্ট্রিট ডে বা প্রাইড প্যারেডের সময় শনিবার একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে একজন মানুষের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার পর জার্মান রাজধানীর এই অনুষ্ঠানটি কয়েক ঘণ্টা চলার পর বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।
পুলিশ জানায়, গাড়িটি প্রাইড মার্চ রুট সংলগ্ন টিয়ারগার্টেন পার্কে ঢুকে পড়ে বেশ কিছু মানুষকে আঘাত করে। ঘটনার পরপরই দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ এলাকাটি দ্রুত খালি করার নির্দেশ দেয় এবং অভিযুক্তদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করে।