মিয়ানমারের সামরিক-সমর্থিত সংসদ অনলাইন স্ক্যাম সেন্টারে কাজ করতে বাধ্য করা বা প্রতারণার সাথে জড়িত অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান সম্বলিত একটি নতুন আইন অনুমোদন করেছে। এই বিলে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম এবং অনলাইন প্রতারণা চক্র পরিচালনার জন্য যাবজ্জীবন কারাদণ্ডেরও প্রস্তাব করা হয়েছে।
মিয়ানমারের সামরিক-সমর্থিত সংসদ মঙ্গলবার একটি নতুন আইন অনুমোদন করেছে, যেখানে অনলাইন স্ক্যাম সেন্টারে কাজ করতে ভিকটিমদের আটকে রাখা বা বলপ্রয়োগ করার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। রাজধানী নাপিদোতে উভয় কক্ষের যৌথ সভায় 'অ্যান্টি-অনলাইন স্ক্যাম বিল' পাস করা হয়।
প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে যে, যদি অনলাইন স্ক্যাম করার উদ্দেশ্যে কাউকে নির্যাতন বা অবৈধভাবে আটকে রাখা হয় এবং এর ফলে কারো মৃত্যু ঘটে, তবে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এছাড়াও, যারা অনলাইন স্ক্যাম সেন্টার পরিচালনা করবে বা ডিজিটাল কারেন্সি (ক্রিপ্টো) স্ক্যাম করবে, তাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
মায়ানমারের গৃহযুদ্ধ ও অস্থিরতার সুযোগ নিয়ে সাইবার অপরাধী চক্রগুলো সেখানে ব্যাপক বিস্তার লাভ করেছে। এই চক্রগুলো বিশ্বজুড়ে মানুষকে রোমান্স বা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের নামে প্রতারিত করে থাকে। নতুন এই আইনটি মিয়ানমারের বর্তমান সরকারের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।