ফিলিপাইনের সাথে বিরোধের মধ্যেই দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান দাও ন্যাশনাল নেচার রিজার্ভের জন্য চীন নতুন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছে। এই নতুন নিয়মের আওতায় একটি নিয়মিত টহল ব্যবস্থা স্থাপন করা হবে যাতে আইন লঙ্ঘনকারীদের দ্রুত চিহ্নিত ও ব্যবস্থা নেওয়া যায়।

চীন শনিবার দক্ষিণ চীন সাগরের বিতর্কিত হুয়াংইয়ান দাও ন্যাশনাল নেচার রিজার্ভের জন্য নতুন ব্যবস্থাপনা পদক্ষেপ ঘোষণা করেছে। এই পদক্ষেপটি ফিলিপাইনের সাথে চীনের সামুদ্রিক বিরোধকে আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ এই এলাকাটি নিয়ে ফিলিপাইনেরও দাবি রয়েছে। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো হুয়াংইয়ান দাও-এর প্রাকৃতিক বাস্তুতন্ত্রের স্থায়িত্ব ও বৈচিত্র্য রক্ষা করা।

নতুন নিয়ম অনুযায়ী, একটি নিয়মিত টহল ব্যবস্থা গড়ে তোলা হবে যা আইন লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ড দ্রুত তদন্ত করবে। পূর্ব অনুমতি ছাড়া মাছ ধরা, খনি খনন বা প্রবাল সংগ্রহের মতো কাজ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ ছাড়া কোনো ব্যক্তি বা সংস্থা এই সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবে না।

উল্লেখ্য যে, দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিয়েই চীনের দাবি রয়েছে, যা ফিলিপাইনস, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার মতো দেশগুলো চ্যালেঞ্জ করেছে। ২০১৬ সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চীনের 'নাইন-ড্যাশ লাইন' সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করলেও বেইজিং তা মেনে নেয়নি।