ইন্দোনেশিয়ার ব্রামো ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে বিমান এবং শত শত দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। এল নিনো এবং শুষ্ক বাতাসের কারণে এই আগুনের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ব্রামো টেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্কে একটি বিশাল দাবানল ছড়িয়ে পড়েছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটিতে বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং শত শত দমকল কর্মী, পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় শনিবার থেকে পর্যটকদের জন্য পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পূর্ব জাভার ব্রামো পর্বতের প্রায় ১৭৬ হেক্টর এলাকা এই আগুনে পুড়ে গেছে। দুর্গম পাহাড়ি ঢালে আগুনের শিখা ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের মতে, এল নিনো প্রভাব এবং অস্ট্রেলিয়া থেকে আসা শুষ্ক বাতাসের কারণে এই দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।