ইউক্রেনের খারকিভ এবং ওডেসা অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন যে, ওডেসা বন্দরের ওপর এই হামলা বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।

রাশিয়ার ব্যাপক হামলা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি বহুতল ভবনে আঘাত হেনেছে, যার ফলে দুই ব্যক্তি নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। খারকিভ গভর্নরের মতে, এই হামলায় ৫০ এবং ৬৬ বছর বয়সী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া খেরসন ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রুশ হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা অঞ্চলে রাশিয়া ব্যালিস্টিক মিসাইল এবং ২০০-এর বেশি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ওডেসা বন্দরের জ্বালানি ও সামরিক সরঞ্জাম ডিপো লক্ষ্য করে চালানো এই হামলায় আবাসিক এলাকা ও বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওডেসা বন্দরের ওপর এই আক্রমণ বিশ্বব্যাপী শস্য রপ্তানি ও খাদ্য নিরাপত্তার ওপর রাশিয়ার পরিকল্পিত আঘাত।