প্লেজিয়ারিজম বা চৌর্যবৃত্তির অভিযোগের জেরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করা ব্রিটিশ সমাজবিজ্ঞানী জেসন আর্ডে লন্ডনে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। ৪১ বছর বয়সী আর্ড্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাঁর পরিবার, যদিও পুলিশ জানিয়েছে এতে কোনো সন্দেহজনক কিছু নেই।
ব্রিটিশ সমাজবিজ্ঞানী জেসন আর্ডে, যিনি গত সপ্তাহে প্লেজিয়ারিজম বিতর্কের কারণে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, লন্ডনে মৃত অবস্থায় পাওয়া গেছেন। ৪১ বছর বয়সী আর্ডে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিয়াতে একটি বাড়িতে 'সাড়াদানহীন' অবস্থায় পড়ে ছিলেন বলে বিবিসি জানিয়েছে।
আর্ডে কেমব্রিজের কনিষ্ঠতম কৃষ্ণাঙ্গ অধ্যাপক ছিলেন। তাঁর একাডেমিক কাজে চৌর্যবৃত্তির অভিযোগ এবং তাঁর অ্যাথলেটিক ও তহবিল সংগ্রহের দাবি নিয়ে বিতর্কের মুখে গত ৫ আগস্ট তিনি পদত্যাগ করেন। তাঁর পরিবার দাবি করেছে যে, গত কয়েক বছর ধরে তিনি ক্রমাগত অপব্যবহার এবং ভুল তথ্যের প্রচারের শিকার হয়েছেন, যা তাঁর জন্য অসহনীয় হয়ে উঠেছিল।
লন্ডন পুলিশ জানিয়েছে যে আর্ড্যের মৃত্যুতে বর্তমানে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং একে একটি অপ্রত্যাশিত মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর মৃত্যুতে তাঁর পরিবার গভীর শোক প্রকাশ করেছে।