কলকাতা হাই কোর্ট জানিয়েছে যে কোনো ঠিকানায় বসবাসের প্রাথমিক প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে। তবে আদালত স্পষ্ট করেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এবং এটি চূড়ান্ত নথি হিসেবে বিবেচিত হবে না।
বেআইনি দখলদার সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট জানিয়েছে, কোনো নির্দিষ্ট ঠিকানায় বসবাসের প্রাথমিক প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় যে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হলেও, ঠিকানার প্রাথমিক নথি হিসেবে এর গুরুত্ব রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের আবাসন ভাঙার মামলার প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে। বাসিন্দাদের দাবি ছিল, আধার বা ভোটার কার্ড থাকলেই তারা অবৈধ দখলদার নন। আদালত জানায়, বাসিন্দাদের কাছে থাকা সরকারি নথিগুলি দেখে অন্তত এটুকু বোঝা যায় যে তাঁরা ওই স্থানে বসবাস করেন। তাই তাঁদেরকে সরাসরি অবৈধ দখলদার ঘোষণা করার আগে যথাযথ আইনি প্রক্রিয়া ও শুনানির সুযোগ দিতে হবে।