২০২৭ সালের জাতীয় নির্বাচনের আগে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জনপ্রিয়তা তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত হ্রাস পাচ্ছে। অর্থনৈতিক সংস্কারের অভাব এবং কর্মসংস্থানের সমস্যায় ক্ষুব্ধ জেন জি ভোটাররা এখন বামপন্থী বিরোধী দলগুলোর দিকে ঝুঁকছেন।

ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য ২০২৭ সালের জাতীয় নির্বাচন কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্সের তথ্য অনুযায়ী, ৩৫ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে মেলোনির ডানপন্থী জোটের সমর্থন ৩০ শতাংশের নিচে নেমে এসেছে, যেখানে বামপন্থী বিরোধী দলগুলোর সমর্থন প্রায় ৫০ শতাংশ।

তরুণ ভোটারদের এই অসন্তোষের মূল কারণ হিসেবে অর্থনৈতিক সংস্কারের অভাবকে চিহ্নিত করা হচ্ছে। ইতালিতে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে কর্মসংস্থানের হার ইউরোজোনের মধ্যে সর্বনিম্ন এবং শিক্ষা খাতে ব্যয়ও অত্যন্ত কম। এর ফলে উচ্চশিক্ষিত তরুণরা উন্নত জীবনের খোঁজে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, যা দেশটির অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।