বেঙ্গালুরুতে ক্যাব বা ট্যাক্সি অপেক্ষা করা এক নারীকে স্কুটারে করে এসে অশালীন মন্তব্য ও যৌন হেনস্তা করার অভিযোগে ৪২ বছর বয়সী এক ফল বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেঙ্গালুরুর রামমূর্তি নগর থানার পুলিশ এনআরআই লেআউটের বাসিন্দা ৪২ বছর বয়সী বিজয় রাঘবকে গ্রেপ্তার করেছে। অভিযোগ উঠেছে যে, রাস্তার ধারে ক্যাবের জন্য অপেক্ষা করা এক নারীকে স্কুটারে করে কাছে গিয়ে তিনি অশালীন মন্তব্য ও যৌন হেনস্তা করেন।
ভুক্তভোগী নারী অত্যন্ত সাহসিকতার সাথে পুরো ঘটনাটি তার মোবাইল ফোনে রেকর্ড করেছিলেন। অভিযুক্তের মুখ এবং স্কুটারের নম্বর ভিডিওতে ধরা পড়ায় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ওই নারী ঘটনাটি ইনস্টাগ্রামে শেয়ার করে শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এবং পুলিশের কাছে কঠোর ব্যবস্থার দাবি জানান।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ ঘটনার আরও তদন্ত চালাচ্ছে।