নেদারল্যান্ডসের এক মহিলার অভিযোগের ভিত্তিতে হায়দ্রাবাদের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে যৌন হেনস্থা ও পিছু নেওয়ার মামলা করা হয়েছে। ঘটনাটি চলতি বছরের মার্চ মাসে ঘটেছে বলে জানা গেছে।

হায়দ্রাবাদের পুলিশ জানিয়েছে, নেদারল্যান্ডসের ৩৬ বছর বয়সী এক নার্স তার প্রেমিকের রুমমেট তথা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। অভিযোগ অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে ওই মহিলা তার প্রেমিকের ফ্ল্যাটে থাকাকালীন অভিযুক্ত ব্যক্তি তাকে অনুসরণ করেন এবং অন্যায়ভাবে স্পর্শ করেন।

ভুক্তভোগী মহিলা সম্প্রতি নেদারল্যান্ডস থেকে হায়দ্রাবাদ ফিরে এসে গত ২৩ জুলাই গাচিবউলি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর প্রাসঙ্গিক ধারায় নারী লাঞ্ছনা, যৌন হেনস্থা এবং পিছু নেওয়ার মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।