আন্দামান দ্বীপে হানিমুনের সময় পিরিয়ড শুরু হওয়ায় স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান স্বামী। ৪০ লক্ষ টাকা যৌতুক দেওয়ার পরেও মাত্র ৪৫ দিন পর নববধূকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
উত্তরপ্রদেশের গোরখপুরের এক তরুণী তাঁর স্বামী নিখিল মিশ্র এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। অভিযোগ অনুযায়ী, আন্দামানে হানিমুনের সময় পিরিয়ডের কারণে পেটে ব্যথা এবং রক্তস্রোত শুরু হলে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং গলা টিপে ধরার চেষ্টা করেন। হোটেলের কর্মীদের হস্তক্ষেপে ওই তরুণীর প্রাণ বাঁচে।
ভুক্তভোগীর দাবি, বিয়ের আগে ২০ লক্ষ টাকা নগদ এবং গাড়ি সহ মোট ৪০ লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বিয়ের মাত্র ৪৫ দিন পর তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর স্বামী হোয়াটসঅ্যাপে তাঁকে খুনের হুমকি দিতে থাকেন। এসএসপি-র নির্দেশে স্বামী, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে রামগড়তাল থানায় এফআইআর দায়ের করা হয়েছে।