ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার হামাস নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল-নাসের আল-মাকাদমা নিহত হয়েছেন। এই হামলায় আরও পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং চিকিৎসকদের মতে, উত্তর গাজার পুলিশ প্রধান এবং গভর্নর ব্রিগেডিয়ার জেনারেল আবদেল-নাসের আল-মাকাদমাকে শনিবার শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তিনি হামাসের সামরিক শাখার একজন সদস্যও ছিলেন।

এছাড়াও এই হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরে একজন চিকিৎসক এবং খান ইউনিসের একটি বাড়িতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। খান ইউনিসে একটি বিমান হামলায় খালেদ আল-ব্রেইম নামে একজন হাই স্কুল ছাত্রও প্রাণ হারিয়েছে, যে তার উচ্চমাধ্যমিক পাস করার খুশিতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরছিল। গত সপ্তাহে আহত হওয়া আরও একজন পুলিশ সদস্যের শনিবার মৃত্যু হয়েছে।