ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভূখণ্ডে নতুন করে অনুপ্রবেশ শুরু করেছে, যার কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী রবিবার সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামগুলোর দিকে অগ্রসর হয়েছে এবং আল-আর্দা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SANA জানিয়েছে, ওই অঞ্চলে গোলাবর্ষণও শোনা গেছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে লিফলেট ফেলা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সিরিয়া সফরকালে ইসরায়েলের এই পদক্ষেপকে অত্যন্ত অনভিপ্রেত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি এবং ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন করা গ্রহণযোগ্য নয়।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন যে দামেস্ক একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে যাতে ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষ এড়ানো যায়। অন্যদিকে, গুতেরেস সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।