আমেরিকার নিউ জার্সি উপকূলীয় এলাকায় হঠাৎ করেই বিপুল সংখ্যক মৃত হাঙ্গর ভেসে উঠতে দেখা গেছে। প্রায় ৩০টি ছোট হাঙ্গরের মৃতদেহ সমুদ্রতীরে জমা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও বিস্ময় ছড়িয়ে পড়েছে।

আমেরিকার নিউ জার্সির জার্সি শোর একটি সমুদ্রতীরে বুধবার সকালে হঠাৎ করেই প্রায় ৩০টি মৃত ছোট হাঙ্গর দেখা যায়। সমুদ্রতীরে হাঁটতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বালির ওপর এই মৃত মাছগুলো দেখে হতবাক হয়ে যান। প্রায় ১০ ব্লকের এলাকা জুড়ে এই মৃত হাঙ্গরগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞানীদের মতে, এই হাঙ্গরগুলোর মৃত্যুর পেছনে নির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। স্টকটন ইউনিভার্সিটির সামুদ্রিক বিজ্ঞানী স্টিফেন নাগিভিচ জানিয়েছেন, সম্ভবত মাছ ধরার সময় ভুলবশত এই হাঙ্গরগুলো জালে আটকে গিয়েছিল (বাইক্যাচ)। এরা মূলত 'ডগফিশ' প্রজাতির হাঙ্গর, যারা দলবদ্ধভাবে বিচরণ করে। যদি কোনো বড় দল জালে আটকে মারা যায়, তবে ঢেউয়ের তাগিদে তাদের দেহগুলো তীরে এসে জমা হতে পারে।