রাজস্থানের জয়সলমের সামরিক স্টেশনের কাছে একটি উটের সঙ্গে সংঘর্ষের পর একটি এসইউভি ৫ বার উল্টে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুইজন লেফটেন্যান্ট আহত হয়েছেন।
রাজস্থানের জয়সলমের সামরিক স্টেশনের কাছে বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৩০ বছর বয়সী মেজর হামজা আরিফ প্রাণ হারিয়েছেন। একটি এসইউভি হঠাৎ রাস্তায় আসা একটি উটের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার পিছলে গিয়ে থেমে যায়। এই দুর্ঘটনায় উটিও ঘটনাস্থলেই মারা গেছে।
মৃত মেজর হামজা আরিফ মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ছিলেন এবং মাত্র এক মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং তাঁর সঙ্গে আরও দুইজন লেফটেন্যান্ট ছিলেন। সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে কর্মকর্তাদের উদ্ধার করেন। আহত লেফটেন্যান্ট অভিনব রাঠোর এবং আয়ুষ্মান গুসাইন বর্তমানে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।