চীনের হুয়াশান রক আর্টের ২,০০০ বছরের পুরনো শিলাচিত্রগুলোর স্থায়িত্বের রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, এই চিত্র তৈরিতে মানুষের রক্ত, বিশেষ করে প্রসবকালীন রক্ত ব্যবহার করা হতো।

চীনের দক্ষিণ অংশে ভিয়েতনামের সীমান্তের কাছে অবস্থিত হুয়াশান রক আর্ট অত্যন্ত প্রাচীন এবং বিস্ময়কর। প্রায় ২,০০০ বছর আগে লুওইউএ জাতিগোষ্ঠী এই শিলাচিত্রগুলো তৈরি করেছিল। চরম গরম, ভারী বৃষ্টি এবং ঝড়ের মধ্যেও এই চিত্রগুলো আজও তাদের উজ্জ্বলতা ও আকৃতি ধরে রেখেছে, যা বিজ্ঞানীদের কাছে দীর্ঘকাল রহস্য ছিল।

সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে, এই চিত্রগুলোর রঙ তৈরিতে চুন, লাল মাটি এবং মানুষের রক্তের মিশ্রণ ব্যবহার করা হতো। গবেষকরা পেইন্টের নমুনায় এমন কিছু সিরাম প্রোটিন পেয়েছেন যা প্রসব এবং স্তন্যদানের সাথে সম্পর্কিত। ধারণা করা হচ্ছে, এই রক্ত প্রসবের সময় নারীদের কাছ থেকে সংগ্রহ করা হতো। রক্তের উপাদানগুলো চুনের সাথে মিশে এক ধরণের ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যা রঙকে পাথরের গভীরে স্থায়ীভাবে আটকে দেয়।