এক সময়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মাইস্পেস আবারও ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানের অ্যালগরিদম-চালিত অ্যাপের ভিড়ে ব্যবহারকারীরা সহজ ও সরল ইন্টারনেটের জন্য এই প্ল্যাটফর্মটিকে মিস করছেন।
প্রযুক্তি বিশ্বে রেট্রো বা পুরনো জিনিসের জনপ্রিয়তা বাড়ছে। ইয়ারফোন থেকে শুরু করে ক্যামেরা—সবকিছুতেই মানুষ আবার পুরনো দিনের ছোঁয়া খুঁজছে। সেই ধারায় এবার কি সোশ্যাল মিডিয়াতেও ফিরছে মাইস্পেস? সম্প্রতি প্রকাশিত একটি তথ্যচিত্র অনুযায়ী, মাইস্পেসের মালিক টিম এবং ক্রিস ভ্যান্ডারহুক প্ল্যাটফর্মটি পুনরায় চালু করার পরিকল্পনা করছেন।
২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে মাইস্পেস ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক। ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে গান সেট করা বা কাস্টমাইজ করার মতো মজার ফিচারগুলো পছন্দ করতেন। যদিও ২০১৩ সালে একটি ব্যর্থ প্রচেষ্টার পর এটি অনেকটা ম্লান হয়ে গিয়েছিল, তবে বর্তমানের ডিজিটাল ক্লান্তি এবং অ্যালগরিদম-নির্ভর ফিড থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা মাইস্পেসের মতো সহজ প্ল্যাটফর্মের দিকে ঝুঁকতে পারেন।