পেরুর নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক এলাকার কাছে একটি ছোট পর্যটন বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ ১৩ জন নিহত হয়েছেন। বিমানটি পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পেরুর দক্ষিণ অংশে নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক স্থানের উপর দিয়ে উড্ডয়নকালে একটি ছোট পর্যটন বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলটসহ মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে নাজকা প্রদেশের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পেরুর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম TVPeru জানিয়েছে, বিমানে ১১ জন যাত্রী এবং ২ জন পাইলট ছিলেন।

বিমানটি পেরুর অ্যারোডিয়ানা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিল। পিসকো বিমানবন্দর থেকে পর্যটন ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটি নাজকা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে পুয়েবলো ভিয়েজো এলাকায় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য যে, নাজকা লাইনস একটি ইউনেস্কো স্বীকৃত প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন। দুর্ঘটনার আগের দিন প্রবল বাতাসের কারণে ওই অঞ্চলে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।