ভারতীয় রেল এসি কোচে ভ্রমণকারী RAC যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করেছে। এখন থেকে RAC যাত্রীরাও সম্পূর্ণ বেডরোল কিট পাবেন।
ভারতীয় রেল এসি কোচে ভ্রমণকারী RAC (Reservation Against Cancellation) যাত্রীদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। এতদিন পর্যন্ত কনফার্ম টিকিটের যাত্রীরা সম্পূর্ণ বেডরোল কিট পেলেও, RAC যাত্রীদের শুধুমাত্র চাদর ও বালিশ দেওয়া হতো। কিন্তু রেলের নতুন নির্দেশিকায় এখন থেকে RAC যাত্রীরাও আলাদাভাবে সম্পূর্ণ বেডরোল কিট পাওয়ার অধিকারী হবেন।
যাত্রীদের পক্ষ থেকে বেডরোল সংক্রান্ত অসংখ্য অভিযোগ পাওয়ার পর রেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী, এসি চেয়ার কার বাদে অন্যান্য সমস্ত এসি কোচে ভ্রমণকারী প্রত্যেক RAC যাত্রীকে চাদর, কম্বল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে একটি পূর্ণাঙ্গ কিট প্রদান করতে হবে। এই নিয়মটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।