খাদ্য পণ্যগুলিতে '১০০% বিশুদ্ধ' বা '১০০% প্রাকৃতিক' এর মতো বিভ্রান্তিকর দাবি ব্যবহার করার জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নিষিদ্ধ করেছে FSSAI। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই ধরনের দাবিগুলি অস্পষ্ট এবং গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে।

খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (FSSAI) ডাবর ইন্ডিয়া লিমিটেডকে মধু, ঘি, নারকেল তেল এবং অ্যাপেল সাইডার ভিনেগারের মতো বিভিন্ন পণ্যে '১০০%' সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি ব্যবহার করে বিক্রি করতে নিষেধ করেছে। সংস্থাটির মতে, এই ধরনের লেবেলিং ২০১৮ সালের FSS (বিজ্ঞাপন ও দাবি) বিধিমালা লঙ্ঘন করে।

FSSAI জানিয়েছে যে, কোম্পানির ওয়েবসাইটে '১০০% প্রাকৃতিক', '১০০% বিশুদ্ধ' বা '১০০% অর্গানিক'-এর মতো দাবিগুলি অস্পষ্ট এবং যাচাই করা অসম্ভব। এর ফলে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হতে পারেন। এমনকি ডাবর কিছু পণ্যে যথাযথ অনুমোদন ছাড়াই জৈবিক ভারত (Jaivik Bharat) লোগো ব্যবহার করছিল বলে অভিযোগ উঠেছে।

পূর্বেও ডাবরকে এই ধরণের দাবি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সন্তোষজনক ব্যবস্থা না নেওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। FSSAI ডাবরকে অবিলম্বে এই পণ্যগুলির বিক্রি বন্ধ করতে এবং ১৫ দিনের মধ্যে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দিতে বলেছে।